আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ড্রামের ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেফতারকৃতের ঘর এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত আইনানুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত শাকিলা শারমিন রেশমী কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিয়মিত এজাহারসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি ও মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে র্যাব-১৫-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
