সরকার সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এসময় সীমান্তবর্তী জনগণকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পাটওয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশের নাগরিকের মৃত্যু হলে জনগণকে প্রতিবাদে রাস্তায় নামতে হবে। সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সীমান্ত এলাকার মানুষকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে।
ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিস্তা নদীসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশের মানুষ। যেকোনো মূল্যে দেশের নদীগুলোতে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন প্রসঙ্গ তুলে ধরে পাটওয়ারী বলেন, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে খালেদা জিয়া গণতন্ত্রের ডাক দিয়েছিলেন। বর্তমান রাজনীতিতে সেই মূল্যবোধের ঘাটতি রয়েছে।
