আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আক্তার কামাল (৪২)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার ও র্যাব-০৯, সিলেট। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভোর আনুমানিক ৫টার দিকে কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-১৫ ও র্যাব-০৯-এর যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ব্যাপক গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টস্থ গ্রাম বাংলা টি স্টলে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আক্তার কামালকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
