ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৯
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প

সত্যের কন্ঠ
অক্টোবর ৩১, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
পঠিত: 158 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) এই ভূকম্পন ঘটে। তবে এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ওরেগন রাজ্যের উপকূল থেকে ১৭৩ মাইল (২৭৯ কিলোমিটার) দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত একটি ফল্ট লাইনে ছিল।

দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে কুস বে থেকে প্রায় ১৮০ মাইল দূরে এই ভূমিকম্প অনুভূত হয়। সিসমোলজিস্টরা জানিয়েছেন, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ওরেগনের অনেক মানুষ, বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছেন।

ওয়াশিংটন রাজ্যের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করে জানিয়েছে, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার ভূমিকম্প ভীতিকর। তবে বুধবারের ভূমিকম্পটি ব্লাঙ্কো ফ্র্যাকচার জোনে ঘটেছে, যেখানে প্রায়ই ভূমিকম্প হয়।

ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট, যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত। গত ৩০০ বছর ধরে এখানে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে, যা যে কোনো সময় বড় ভূমিকম্প ও সুনামির কারণ হতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও আশেপাশের এলাকায় বেশ কয়েকটি ফল্ট লাইন রয়েছে, যা প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।