প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সেমিনারে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চার সুযোগ পুনরুদ্ধার করেছেন। এর সঙ্গে এখন বৈশ্বিক বিজ্ঞানে অবদান রাখার সক্ষমতাও যোগ করতে হবে। উচ্চাকাঙ্ক্ষা বজায় রেখে নিয়মিত পাঠ ও গবেষণার মাধ্যমেই তা অর্জিত হয়। ১৯২৪ সালে বসুর আবিষ্কারের পরিবেশ যেভাবে তৈরি হয়েছিল, আজও সেভাবেই তা গড়ে উঠবে। এর কোনো বিকল্প নেই।’
বিশ্বমানের গবেষণা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, ‘বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের প্রস্তাব নিয়ে কাজ করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিজের ওপর আস্থা থাকলে আমরা তা পারব। আমাদের সব সময় বিশ্বাস রাখতে হবে যে বিশ্বের কাছে যেতে হবে না, বরং বিশ্ব আমাদের কাছে আসবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং কলকাতার সাবেক অধ্যাপক পার্থ ঘোষ প্রমুখ।
