আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। এ সময় তার সহযোগী মিঠু কৌশলে পালিয়ে যায়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম পাশে পলাতক আসামি মিঠুর দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়। তিনি বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফারুক হোসেন জানান, তিনি ও পলাতক আসামি মিঠু দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া গাঁজা সংরক্ষণ ও বিক্রির বিষয়টিও তিনি স্বীকার করেছেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ফারুক হোসেন এবং পলাতক আসামি মিঠুর বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
