ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৫
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনে ৪১ বিল পাস, সংসদে নতুন রেকর্ড

সত্যের কন্ঠ
এপ্রিল ১০, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

 

বিরোধী দলের আপত্তির মধ্যেই মাত্র দুই দিনে ৪১টি বিল পাস করে নতুন ইতিহাস গড়েছে জাতীয় সংসদ। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ ৩১টি বিল পাসের নজির স্থাপন করা হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে কণ্ঠভোটে ৩১টি বিল পাস হয়। এসবের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ২৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন দেওয়া হয় এবং অধ্যাদেশ রহিত করে আরও তিনটি বিল পাস করা হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করা হলে বিরোধী দল এর বিরোধিতা করে। তবে শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, বিরোধী দলের আপত্তি সত্ত্বেও গণবিরোধী বিল পাস হয়েছে, যার দায় তারা নিতে চান না।

এর আগে আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে অনির্বাচিত ব্যক্তিদের বসানোর সুযোগ আইনে নেই, অথচ বাস্তবে সেটিই করা হচ্ছে।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আইন সংশোধন না করলে ‘ফ্যাসিস্ট শক্তি’ ফিরে আসার সুযোগ থাকবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে এবং দ্রুত নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

জামায়াতের সংসদ সদস্যদের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিল প্রণয়নের প্রতিটি ধাপে অংশ নেওয়ার পর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

পরদিন শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের ১৩তম কার্যদিবসে আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। এদিন কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই বিলগুলো অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদের বিশেষ কমিটির তথ্যমতে, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়েছে। এছাড়া ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ রয়েছে।

দুই দিনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে জাতীয় ক্রীড়া, শ্রম, টেলিযোগাযোগ, গ্যাস, মানবাধিকার, স্থানীয় সরকার, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, গৃহায়ন, অর্থনীতি ও পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংশ্লিষ্ট আইন।

শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের একাধিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পকলা একাডেমি সংশোধন বিল এবং পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন।

এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং মূল্য সংযোজন কর সংশোধন বিলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।