আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ মো. মুজাহিদ (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মহেশপুর উপজেলার চারাতলা এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদক, অবৈধ অস্ত্র, ওয়ারেন্টভুক্ত আসামি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
