আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। সোমবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, ডিএমপির কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে চকবাজার থানাধীন পোস্তা এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় একটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ কার্যক্রম দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
