ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির হামলায় প্রতিনিয়ত প্রাণ হারানো ফিলিস্তিনিদের তালিকা দীর্ঘ হচ্ছে। আহতদের সংখ্যাটাও বেড়ে চলেছে। গাজায় শরণার্থীদের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত আল-মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।
স্থানীয় লোকজন এবং গাজার প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। বর্বরোচিত এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ এবং বালিতে অনেকের দেহ চাপা পড়ে থাকায় এমন আশঙ্কা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।
আল-মাওয়াসির বাসিন্দা মামুদ আল নিমস সিএনএনকে বলেন, ‘রাতে আমরা ঘুমিয়েছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আমরা জেগে উঠি। এরপর চারদিক থেকে গুলির শব্দ শুনলাম। আমরা এখনও বুঝতে পারছি না যে শরণার্থী এলাকার ঠিক কোথায় হামলা হয়েছিল এবং যারা ধ্বংসস্তূপ ও বালির নিচে চাপা পড়েছে, তাদের অবস্থান কোথায়। পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে।
