ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে র‍্যাব-১৩-এর অভিযানে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রংপুর মহানগরীতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত নগদ ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, খেলার তাস, ত্রিপল, প্লাস্টিকের বস্তা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৭টি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৩:০০টায় রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন সাতমাথা নগর মাতৃসদনের সামনে উন্মুক্ত মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত নগদ ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, বিভিন্ন ধরনের খেলার তাস, একটি নতুন তাসের প্যাকেট, জুয়ার আসরে ব্যবহৃত একটি ত্রিপল, একটি প্লাস্টিকের পুরাতন বস্তা এবং রিয়েলমি, স্যামসাং, ভিভো, অপো, সিম্ফনি ও টেকনো ব্র্যান্ডের মোট ৭টি স্মার্টফোন জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা জুয়াচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এবং অনলাইনের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। চক্রটির অন্যান্য সদস্য এবং তাদের আর্থিক লেনদেনের বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অনলাইন ও প্রকাশ্য জুয়া, ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।