র্যাব-৮, বরিশাল ও র্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে ঝালকাঠি জেলার রাজাপুর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে সংস্থাটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর থানার হত্যা মামলার প্রধান আসামি মো. মাসুম সরদার (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আদাখোলা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে আলহাজ্ব হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে ভিকটিম মো. মিলন হাওলাদার (২৫)-এর ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪, তারিখ: ০৫/০৪/২০২৬)।
হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। আসামি কৌশলে স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকলেও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে র্যাব-৪-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
