আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মহানগরীতে আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ ১২ এপ্রিল ২০২৬ রবিবার বিকেল ৩:৩০ ঘটিকায় রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে মোঃ সরওয়ার এ কথা জানান। তিনি বলেন, নববর্ষ উপলক্ষে রমনা পার্ক, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষ সমবেত হবে।
তিনি জানান, উৎসবকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরীকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ স্থানে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, SWAT, Mounted Police, DB ও CTTC সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত থাকবে।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪টি ব্যারিকেড পয়েন্ট থাকবে। প্রবেশপথে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুট সিসিটিভি, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। হকার প্রবেশ নিয়ন্ত্রণ, কন্ট্রোল রুম স্থাপন, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, সাইবার পেট্রোলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে মুখোশ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ ও ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ফানুস ও আতশবাজি ব্যবহার করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ভোর ৬:১৫ থেকে ৮:২৫ পর্যন্ত রমনা বটমূলে অনুষ্ঠিত হবে। চারুকলার শোভাযাত্রা সকাল ৯:০০ ঘটিকায় শুরু হয়ে নির্ধারিত রুটে চারুকলায় গিয়ে শেষ হবে। পুরো রুট জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এছাড়া ১৪ এপ্রিল ভোর ৫:০০ ঘটিকা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে ডাইভারশন ও ব্যারিকেড কার্যকর থাকবে।
নগরবাসীর সুবিধার্থে নির্ধারিত বিকল্প রুট, পার্কিং ব্যবস্থা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, ডুবুরি দল ও টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে ৯৯৯, ডিএমপি কন্ট্রোল রুম ও অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তিনি সকলের সহযোগিতায় পহেলা বৈশাখ উৎসবকে নিরাপদ ও আনন্দময়ভাবে উদ্যাপনের আহ্বান জানান।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
