ব্রাহ্মণবাড়িয়া, ১৯ এপ্রিল ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৬ বছরের এক শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পিবিআই। ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ আবু সাদেক মিয়ার কন্যা নিশাত জাহান (৬) চিপস কিনতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওই রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের দুই দিন পর, ১৭ এপ্রিল দুপুরে বাড়ির পাশের একটি পতিত জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানায় পিবিআই। পরবর্তীতে ঘটনাটি গোপন করতে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রাখা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
