আজ ২ মার্চ দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৯ সাল থেকে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ দিবসটি উদযাপন করে আসছে। দিবসটি সফল করতে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে। মূলত জনগণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেছেন, গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণ, বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে জাতীয় ভোটার দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হলো ভোটব্যবস্থা, যার মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়। তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরকার ও জনপ্রতিনিধিদের সম্পর্ক স্থাপনের সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে ভোট।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যে নবযাত্রা শুরু হয়েছে, তাকে ধরে রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, স্বচ্ছ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা এখন নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনসহ সব পর্যায়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ নির্বাচন কমিশন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জানিপপ চেয়ারম্যান।
