ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০০
আজকের সর্বশেষ সবখবর

“কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণ, ৪ জন গ্রেফতার ”

সত্যের কন্ঠ
এপ্রিল ২০, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর নিকট এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় কাফরুল থানাধীন “এ কে এম অ্যাপারেলস” নামক গার্মেন্টস কারখানার মালিক তার অফিস কক্ষে কাজ করার সময় ১২-১৩ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। তারা ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শন করে এক কোটি টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে দুস্কৃতিকারীদের মধ্যে দুইজন পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অফিস কক্ষের লকার ভাঙচুর করে এবং ৩ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেয়। পালানোর সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-৪ বিষয়টি গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে রানা (৩১), মোঃ সাগর শেখ (২৮), মোঃ কালু (২৮) ও শশী (২২)-কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রানা এই ঘটনার মূল পরিকল্পনাকারী। গার্মেন্টসটি অপেক্ষাকৃত নির্জন এলাকায় হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। পরিকল্পনা অনুযায়ী তারা অস্ত্রসহ মালিকের কক্ষে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে এবং গুলি ছোড়ে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর মিরপুর ও কাফরুলসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।