আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে চকবাজার থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার একটি মেশিনের নিচে সাদা রঙের প্লাস্টিক ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।
যাচাই-বাছাই শেষে র্যাব জানতে পারে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় ঢাকা মহানগরের শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।
র্যাব জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
