ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও হুকুমদাতা গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘটিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ সুমন (২৫) ও হত্যাকাণ্ডের হুকুমদাতা মোঃ শহীদ (৫৯)-কে গ্রেফতার করেছে র‍্যাব-২। শুক্রবার (৩ জুলাই) র‍্যাব-২ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে জামালপুর ও ময়মনসিংহ জেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাজধানীর নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার পক্ষের সঙ্গে একই এলাকার রিপন ও পারভেজ গ্রুপের বিরোধ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় ১ জুলাই সন্ধ্যায় উভয় পক্ষ সালিশে বসলেও কোনো সমাধান হয়নি। পরে রাত আনুমানিক ৮টার দিকে সালিশ শেষে সাদ্দাম ও আবুল বাশার চলে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবুল বাশারের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‍্যাব-২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত সুমন জামালপুর সদর এলাকায় এবং হুকুমদাতা শহীদ ময়মনসিংহের নান্দাইল এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-২ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে পূর্বে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।