আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রংপুর ও লালমনিরহাট জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনি ধ্বংস করেছে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে র্যাব-১৩ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন ইটভাটায় অতিরিক্ত সালফার, অ্যাশ ও মারকারিযুক্ত কয়লা ব্যবহার এবং অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী লাইসেন্সবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করার অপরাধে মেসার্স নিউ জি এ ব্রিকসের মালিক মোঃ গোলজার হোসেন (৪৯)-কে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ বি ব্রিকসের মালিক মোঃ শহিদুল ইসলাম (৫৬)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পৃথক আরেকটি অভিযানে একই দিন সকাল ৯টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে মেসার্স হক ব্রিক্স নামের একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
র্যাব-১৩ জানায়, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
