আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর থানা এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, ১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইদ্রিস চোকদার (৫৪), জেলা মাদারীপুর এবং মো. আনোয়ার হোসেন (৫২), জেলা মুন্সীগঞ্জ। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ পাচার চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত মূর্তিটিও পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
