ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫
আজকের সর্বশেষ সবখবর

“চেতনানাশক খাইয়ে সিরিজ চুরি: পিবিআইয়ের তদন্তে মূল আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি”

সত্যের কন্ঠ
এপ্রিল ২৭, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর উত্তরা এলাকায় চেতনানাশক খাইয়ে সিরিজ চুরির রহস্য উদঘাটন করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। এ ঘটনায় জড়িত মূল আসামি বিলকিস বেগম (৪০) কে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় এক গৃহকর্মী বাসার মালিককে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে তদন্তে পূর্বের একাধিক ঘটনার সঙ্গে এ ঘটনার কৌশলগত মিল পাওয়া যায়।

এর আগে, ২০২৫ সালের ১৩ আগস্ট উত্তরা ৪ নম্বর সেক্টরে মোঃ ইবনুল আলম পলাশের বাসায় একই কৌশলে গৃহকর্মী পরিচয়ে প্রবেশ করে ভিকটিম রওশনারা বেগমকে নাস্তার সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হলেও প্রাথমিক তদন্তে আসামিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আদালতের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল এবং ডিআইজি (সেন্ট্রাল ক্রাইম) মোঃ হুমায়ুন কবির-এর দিকনির্দেশনায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর অতিরিক্ত ডিআইজি মোঃ এনায়েত হোসেন মান্নান-এর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে একটি চৌকস দল তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে বিলকিস বেগমকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করা হলে ১৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরে অভিযান চালিয়ে চুরিকৃত স্বর্ণ বিক্রির সত্যতা পাওয়া যায়। তিনি স্বীকার করেন, গৃহকর্মী পরিচয়ে বাসায় প্রবেশ করে সুযোগ বুঝে চেতনানাশক খাইয়ে ভিকটিমকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান এবং পরে তা বিক্রি করেন।

পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর ইউনিট ইনচার্জ ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, “পিবিআই আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত সংস্থা। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।