আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ড. মিজানুর রহমান আজহারী-সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে একটি প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
২৩ ও ২৪ এপ্রিল চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ৪৭টি স্মার্টফোন, সিমকার্ড ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তির মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের ছবি, কণ্ঠ ও ভিডিও নকল করে ভুয়া প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
ভুক্তভোগীর পক্ষ থেকে দায়ের করা মামলায় জানা যায়, এসব ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতারণার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
