আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতে জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর বিষয়টি তদন্তে নেয় সিটিটিসি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোহাম্মদীয়া হাউজিং এলাকার গ্রীন উডের সামনে অভিযান পরিচালনা করে মোঃ তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
