ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০২
আজকের সর্বশেষ সবখবর

“পল্লবীতে নিরাপত্তাকর্মী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অটোরিক্সা চালক গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৮, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় মৃত্যু হওয়া মামলার রহস্য উদ্ঘাটন করে জড়িত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)।

গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় উত্তর পল্লবী আবাসিক এলাকায় “মেরিড সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড”-এর নিরাপত্তাকর্মী সালাউদ্দিন (৫৫) কর্তব্যরত অবস্থায় এক অজ্ঞাতনামা অটোরিক্সা চালককে প্রবেশে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে চালক তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রীন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করলে ১৪ এপ্রিল বিকাল আনুমানিক ০৩:০৬ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই গ্রহণ করলে এসআই (নিঃ) নুর জামাল হোসেন তদন্তভার গ্রহণ করেন।

পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল-এর তত্ত্বাবধানে এবং ইউনিট ইনচার্জ বিশেষ পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ অটোরিক্সা চালক মোঃ সাগর শেখ ওরফে বাবু (৩৭)-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে সে ভিকটিমকে মারধর করে, যার ফলে তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।