রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন— আঙ্গুরা বেগম (৪৬) ও রহিমা বেগম (২৪)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল-এর দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি চালান ঢাকায় আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিলেন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
