আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো— মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক টিম ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকে লাভ রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. সোহেল রানা ও মো. হানিফকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশিকালে মো. হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং মো. সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
