আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সহযোগিতায় কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ৩০ জন সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বাকিদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া একই অভিযানে চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আরমান হোসেন (৪৮) নামে একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় উপজেলা প্রশাসন, এনএসআই, ফায়ার সার্ভিস ও র্যাব-১০ এর যৌথ অভিযানে একটি স্যাটেলাইট এলপিজি প্ল্যান্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে হাসপাতালের দালাল চক্র, নকল পণ্য প্রস্তুতকারক এবং অবৈধ জ্বালানি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
