ঢাকার সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. আলামিন (২৮)।
থানা সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল লক্ষ্মীবাজারের সুভাষ বোস এভিনিউ এলাকায় ভুক্তভোগীর মোবাইলে ফোন করে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয় প্রতারক চক্র। ব্যাংক হিসাব যাচাইয়ের কথা বলে তারা ভুক্তভোগীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং পরে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে দারুসালাম এলাকার বাতেন নগরে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, ৩টি এটিএম কার্ড, একটি চেকবই, ৬টি ১০০ ডলারের নোট, প্রতারণার ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাব ব্যবহার করে অর্থ আত্মসাৎ করে এবং পরে তা ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করে।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
