আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর ডেমরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ডিএমপি’র ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ সারোয়ার হোসেন (৪২), মোঃ রুবেল হোসেন (৩৮) ও মোঃ ফরহাদ হোসেন (২৬)-কে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
