সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৭১ বোতল বিদেশি মদসহ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জাহাঙ্গীর আলম (৪৩) ও তার ছেলে রাজা মিয়া (২৫)। তাদের কাছ থেকে একটি বস্তার ভেতর রাখা ৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ও উদ্ধারকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
