আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানজট নিরসন, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল স্থাপন করে অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এছাড়া যানবাহন পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে সুপরিকল্পিত ব্যবস্থা, যাতে অভিভাবকদের ভোগান্তি কমে। পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করা হচ্ছে এবং বিভিন্ন সড়কে ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা বজায় রাখা হচ্ছে।
ডিএমপি জানায়, এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ কমাতে এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
