ঢাকার আশুলিয়া এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলায় এক সপ্তাহের মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, গত ১৯ ও ২০ এপ্রিল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকা থেকে মো. বিপ্লব হাসান বিপু (২৮) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
এর আগে, ১৫ এপ্রিল আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ফয়সাল মোল্লা (৩৫)কে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বিপু ও তার বড় ভাই মাসুদসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে জানা যায়, নিহত ফয়সাল ও অভিযুক্তরা দূর সম্পর্কের আত্মীয়। দীর্ঘদিনের বিরোধের জেরে ঘটনার দিন মোবাইল ফোন ফেরত দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুদ লোহার রড দিয়ে আঘাত করলে বিপু দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফয়সালকে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেফতারের পর বিপু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান।
