ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২২
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কুরিয়ারে মাদক পাচারের চেষ্টা: ৬.৩ কেজি কিটামিন জব্দ, ৩ বিদেশি গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ৭, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে রাজধানী ঢাকা-তে আন্তর্জাতিক কুরিয়ার ব্যবহার করে মাদক পাচারের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় ৬.৩০০ কেজি কিটামিন জব্দ এবং তিনজন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, ২৫ মার্চ একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক পার্সেল আটক করা হয়। পরবর্তীতে ব্লুটুথ স্পিকারের ভেতর লুকানো অবস্থায় ৫০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়।

এর সূত্র ধরে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে LI BIN (৫৯), YANG CHUNSHENG (৬২) ও YU ZHE (৩৬) নামে তিনজন চীনা নাগরিককে আটক করা হয়। তাদের ব্যবহৃত ফ্ল্যাট থেকে একটি অস্থায়ী ল্যাব উদ্ধার করা হয়, যেখানে কিটামিন প্রক্রিয়াজাত করা হতো।

অভিযানে মোট ৬.৩০০ কেজি কিটামিন, বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, ল্যাব সরঞ্জাম, ডিজিটাল স্কেল, প্যাকেজিং যন্ত্রপাতি এবং দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি ডার্ক ওয়েব ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে মাদকের অর্ডার গ্রহণ করত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা পাচারের চেষ্টা করত। অর্থ লেনদেনের ক্ষেত্রে তারা ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে TRON নেটওয়ার্ক ব্যবহার করত।

তদন্তে আরও জানা গেছে, আসামিরা নিয়মিত দেশ পরিবর্তন, এনক্রিপ্টেড যোগাযোগ এবং ভুয়া পরিচয় ব্যবহার করে তাদের কার্যক্রম গোপন রাখত। এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ডিএনসি জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।