ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

আক্রমণকারীদের প্রতিহত করুন : তথ্যমন্ত্রী

সত্যের কন্ঠ
নভেম্বর ৬, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
পঠিত: 475 বার
Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল-অবরোধের নামে যারা আক্রমণ করতে আসে তাদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, ‘দেশে বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টি করার অসৎ উদ্দেশ্যেই বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি দিয়ে গুহার অন্তরালে থেকে কর্মসূচি ঘোষণা করছে। মানুষ, এম্বুলেন্সের ওপর হামলা করা, গাড়ি-ঘোড়া পোড়ানো, ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করাই তাদের কর্মসূচি। আমি জনগণ, গাড়িচালক ভাই এবং আমাদের নেতা-কর্মীদের প্রতি আহবান জানাই হরতাল-অবরোধের নামে কেউ যদি আক্রমণ করতে আসে আক্রমণকারীদের প্রতিহত করবেন, শায়েস্তা করবেন, ধরতে পারলে পুলিশের হাতে তুলে দেবেন।’

মন্ত্রী আজ দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপির অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে’ এ আহবান জানান। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গাড়িচালক ভাইদের অনুরোধ জানাবো, যারা আপনাদের গাড়িতে হামলা চালাচ্ছে তারা দুস্কৃতিকারী। পত্রপত্রিকা লেখে তারা দুস্কৃতিকারী, টেলিভিশনেও বলে দুস্কৃতিকারী। সুতরাং এই দুস্কৃতিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনে গাড়িতে লাঠি এবং রড রাখবেন। যদি কাউকে ধরতে পারেন শায়েস্তা করে পুলিশের হাতে তুলে দেবেন।’

 

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বলবো, এই আগুন সন্ত্রাসীদের পেলে, হাতেনাতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। কিন্তু আইনে বলা আছে, কেউ আক্রান্ত হলে তিনি আক্রমণকারীকে প্রতিরোধ করতে পারেন। এটা আইনেই বলা আছে, ধর্মেও আছে। সুতরাং কেউ যদি আক্রমণ করতে আসে আক্রমণকারীকে শায়েস্তা করবেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অবরোধের নামে যারা এইভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং গুহার মধ্যে ঢুকছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর। আমাদের নেতাকর্মীদের বলবো পাড়ায়-মহল্লায় বিএনপি-জামাতের যে আগুনসন্ত্রাসীরা গর্তের মধ্যে ঢুকেছে তাদের গর্ত থেকে খুঁজে বের করুন, পুলিশে দেন, এদেরকে নির্মূল করতে হবে।’

‘অনেকেই দাবি করছে বিএনপি যেভাবে মানুষের ওপর হামলা পরিচালনা করছে, যেভাবে প্রধান বিচারপতি ও বিচারপতিদের বাসভবনে, হাসপাতালে হামলা চালিয়েছে, অনেক মহল থেকে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠেছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপিকে নিষিদ্ধ করতে চাই না, আমরা চাই, তারা এই পথ পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করুক। আন্দোলনও করুক আমাদের কোনো আপত্তি নাই। তাদের আন্দোলন করার জন্যই সমস্ত সহযোগিতা করা হয়েছিলো কিন্তু তারা সেটি না করে নৈরাজ্য সৃষ্টি করেছে। পুলিশের ওপর, বিচারপতির বাসভবনে, হাসপাতালে হামলা করেছে সেই কারণে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।