ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০০
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ‘কবিরাজি’ প্রতারণা: ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

 

শেরপুরে কবিরাজির নামে প্রতারণা করে এক কিশোরীর কাছ থেকে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই, জামালপুর। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর সরকারি গার্লস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লুবাবা (১৩) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে ‘কবিরাজি’র মাধ্যমে পারিবারিক সম্পর্ক ভালো করার আশায় প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে। চক্রটি “কবিরাজ” ও “আল্লাহর দান” নামে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ রাখে এবং বিভিন্ন উপকরণ ও ফি’র কথা বলে ধাপে ধাপে টাকা আদায় করে।

গত ৬ থেকে ৯ মার্চের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা নেওয়া হয়। পরে ১০ মার্চ ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

ঘটনার পর ১৭ মার্চ ভুক্তভোগীর বাবা শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই প্রধানের নির্দেশনায় পিবিআই জামালপুর মামলার তদন্ত শুরু করে।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ভোরে ময়মনসিংহের কোতোয়ালী এলাকা থেকে মূলহোতা মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির পাশের বাগান থেকে মাটি খুঁড়ে ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি ইমো ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধানের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।