ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ রাজধানীর শান্তিবাগ এলাকায় অটোরিকশা চালক সেকেন্দারকে হত্যার ঘটনায় এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মামুন ওরফে বুলেট মামুন (৩৫), আঁখিশন ওরফে আঁখি (৪২) ও মোঃ হান্নান (২৬)।
থানা সূত্রে জানা যায়, ভিকটিম সেকেন্দার একজন অটোরিকশা চালক ছিলেন। তার সঙ্গে গ্রেফতারকৃতদের পূর্ব বিরোধ ছিল। গত সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় শান্তিবাগের ১৭ নম্বর ভাঙ্গারী গলি সংলগ্ন এলাকায় ভিকটিম তার ভাড়া বাসার দিকে যাওয়ার সময় পৌঁছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) রাত ০০:৩৫ ঘটিকায় বাসাবো মিঠাইগলি এলাকা থেকে আঁখি ও হান্নানকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ০৮:০৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকা থেকে মামুন ওরফে বুলেট মামুনকে গ্রেফতার করা হয়। পরে দুপুর ০১:৩৫ ঘটিকায় তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে শাহজাহানপুর ও পল্টন থানায় পূর্বের ১৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
