আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর মিরপুর-১০ এলাকায় গুলির ঘটনায় একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তুসহ মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯:১০টায় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশে টহলরত পুলিশ সদস্যরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কাওছার ভুইয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কাওছার দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সিজু (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে তিনি ভিকটিমের সঙ্গে পরিচিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ধীরে ধীরে তার আস্থা অর্জন করেন।
ঘটনার দিন হামলার কিছুক্ষণ আগে কাওছার ভিকটিমের পাশে বসে চা পান করেন। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মিরপুর-১০ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
