ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের চাপের জেরে গার্মেন্টসকর্মী সাদিয়াকে হত্যা, ১০ দিনের মধ্যে প্রেমিক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২৪, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ
পঠিত: 7 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে ১০ দিনের মধ্যে মূল আসামি ও নিহতের প্রেমিক আব্দুর রাজ্জাককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাত ১১টা ৪০ মিনিট থেকে ১৩ জুলাই রাত ১০টার মধ্যে যেকোনো সময় সাদিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রিয়াজ মোল্লা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ১৬ জুলাই পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ১৬ জুলাই ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মো. ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পিবিআই। পরদিন তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইর তদন্তে জানা যায়, সাদিয়া আক্তারের সঙ্গে আব্দুর রাজ্জাকের প্রেমের সম্পর্ক ছিল। গত ১ জুলাই থেকে তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ায় স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ১২ জুলাই সাদিয়া বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক সাদিয়ার গলা চেপে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ভাড়া বাসায় রেখে আত্মগোপনে চলে যায়।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।