আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি নিশান জিপ গাড়ি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০টায় আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পর চালক সেটি রাস্তায় রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত নিশান জিপটি জব্দ করেন।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
