গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় চা ও পান দোকানদার শেফালী বেগম কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই গাজীপুর জেলা। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কামরুজ্জামান (৩৫), মোঃ আমজাদ হোসেন (৩০) ও মোঃ আফজাল হোসেন (৩৩)। এর মধ্যে কামরুজ্জামান ও আমজাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানায়, নিহত শেফালী বেগম কুলসুম (৪৬) পূবাইলের মেঘডুবি এলাকায় নিজ বাসায় চা ও পান দোকান পরিচালনা করতেন। পাশাপাশি কয়েকটি কক্ষ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৬ এপ্রিল দুপুর থেকে রাতের মধ্যে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ ঘরের বিছানায় পাওয়া যায়।
ঘটনার পর নিহতের মেয়ে ময়না আক্তার স্মৃতি বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে পিবিআই জানতে পারে, অভিযুক্তরা স্থানীয় একটি পলিমার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নিহতের দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তারা ডাকাতির পরিকল্পনা করে।
স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনার দিন আসামিরা নিহতকে ঘুমের ওষুধ মিশিয়ে খাবার খাওয়ায়। পরে তিনি অচেতন হলে বাঁশের লাঠি ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায়।
পিবিআই আরও জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। অপর আসামি আফজাল হোসেনকে আদালতে হাজির করলে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, তথ্যপ্রযুক্তি, সোর্স তথ্য ও পেশাদার তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
