পটুয়াখালীর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি লিটনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ মে দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সঙ্গে র্যাব-১১ যৌথভাবে অংশ নেয়।
গ্রেফতারকৃত লিটন (২৬) পটুয়াখালী সদর থানার একটি ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৯ নভেম্বর গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রসহ এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে প্রবেশ করে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৭৩ হাজার টাকা।
ঘটনার পর থেকেই র্যাব-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।
