ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৭
আজকের সর্বশেষ সবখবর

নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান ২ লক্ষ টাকা জরিমানা

সত্যের কন্ঠ
জুলাই ২২, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

‎স্টাফ রিপোর্টার,‎উম্মে সালমা:

‎রাজধানীর ধোলাইপাড়, জুরাইন, শ্যামপুর ও পোস্তগোলা এলাকায় অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে একাধিক ভবনের অবৈধ অংশ আংশিক ভেঙে ফেলা, বৈদ্যুতিক মিটার জব্দ এবং মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথীর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জোন-৭-এর পরিচালক (উপসচিব) মইনুল আবেদীন, অথরাইজড অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

‎অভিযান চলাকালে অনুমোদনবিহীন ও বিধিমালা লঙ্ঘন করে নির্মিত ভবনের বিভিন্ন অংশ অপসারণ করা হয়। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে ব্যবহৃত বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট একটি ভবনের মালিক বিরুদ্ধে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।


‎রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন কাউসার রেস্তোরাঁ যে জমিতে পরিচালিত হচ্ছে, সেটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মালিকানাধীন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
‎(রাজউক) পরিদর্শনকালে রেস্তোরাঁর মালিককে বিষয়টি অবহিত করা হলে তিনি জমিটি নিজস্ব মালিকানাধীন বলে দাবি করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক দিনের মধ্যে জমির বৈধ মালিকানার কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেন।
এ সময় রেস্তোরাঁর মালিক নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সব বৈধ নথিপত্র উপস্থাপনের অঙ্গীকার করেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজউক কর্তৃপক্ষ।


‎৪২, পশ্চিম ধোলাইপাড় এলাকায় পরিদর্শনকালে অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীরের বিষয়টি ধরা পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীরগুলো ভেঙে ফেলা হয়।

‎ভবনের মালিক মোঃ মঞ্জিল হোসেন এর কাছে রাজউকের অনুমোদিত নকশা প্রদর্শনের জন্য বলা হলে তিনি কোনো বৈধ নকশা বা অনুমোদনপত্র উপস্থাপন করতে পারেননি। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথীর ও রাজউকের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের সঙ্গে অসদাচরণ করেন।

‎পরবর্তীতে তদন্তে ভবনটি অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে বলে  প্রতীয়মান হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ভবন মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবন নির্মাণে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানান সংশ্লিষ্টরা।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী বলেন, “রাজউকের অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা মেনেই ভবন নির্মাণ করতে হবে। অন্যথায় অবৈধ ভবনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎অথরাইজড অফিসার মো. ইলিয়াস জানান, সংশ্লিষ্ট ভবনের মালিককে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নির্দেশনা মেনে চলেননি। ফলে বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎অভিযান চলাকালে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজউক সূত্র জানায়, রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং অবৈধ নির্মাণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।