ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে অধিকৃত গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় ১৬০ ফিলিস্তিনি মারা গেছে বলে গাজায় থাকা হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুসারে, আহত হয়েছে হাজারেরও বেশি ফিলিস্তিনি। খবর আল-জাজিরার।
অন্যদিকে, ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হাজার খানেক রকেট হামলার কথা জানিয়েছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির হামলায় ৪০ ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে সাড়ে সাতশর বেশি। ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। এর আগে, হামাসের হামলায় ২২ জন নিহতের কথা জানিয়েছিল ইসরায়েল।
এদিকে, ইসরায়েলের দিকে গাজা থেকে আরও রকেট হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সেখানে অবস্থানরত আল-জাজিরার সংবাদদাতা। কাতারভিত্তিক গণমাধ্যমটির সংবাদ দাতা ইয়ুমনা এলসায়েদ বলেন, ‘বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা, যা আমরা দেখেছি। বোমা হামলায় হতাহত হচ্ছে অনেকে।’
ইয়ুমনা এলসায়েদ আরও বলেন, ‘সবশেষ ১৭ বছর ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এখানকার লোকেরা কোথাও যেতে পারে না। সংঘর্ষের সময়ও তারা অঞ্চলটি ছাড়তে পারে না। অবরুদ্ধ গাজার পরিস্থিতি এমনই।’
