খুলনার দিঘলিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও একটি চায়নিজ কুড়ালসহ ‘খবির বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত খবির মোল্লাকে (৪৭) গ্রেফতার করেছে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
র্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিঘলিয়া উপজেলার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে খবির মোল্লাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে খুলনার দিঘলিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।
